অনলাইন ডেস্ক : ইরানের বেশ কয়েকটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ না করে, তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নাম প্রকাশ না করা ওই মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক জনগণ এবং জ্বালানি ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেন। তিনি দাবি করেন, আইআরজিসি এখন পর্যন্ত একই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি।

ওই মুখপাত্র আরও বলেন, উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে বলতে হবে। অন্যথায় পুরো অঞ্চলে একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, যদি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের বেশি সহ্য করতে পারো, তাহলে এই খেলা চালিয়ে যাও।