ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ‘পিক্যাক্স
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ‘পিক্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলা চালানোর নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেওয়া একই ধরনের হুমকির পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে তুচ্ছ উল্লেখ করে মার্কিন হামলার যৌক্তিকতা তুলে ধরেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই পিক্যাক্সে আঘাত হানতে পারে। এর আগে একটি রেডিও শো-তে তিনি একই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পিক্যাক্স মাউন্টেন নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং ইরানিদের এ জন্য প্রস্তুত থাকা উচিত। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সংঘাতকে কম ক্ষতিকর হিসেবে ব্যাখ্যা করে বলেন, এটি অত্যন্ত ছোট আকারের যুদ্ধ।
যেখানে ভিয়েতনামে এক লাখ আমেরিকান নিহত হয়েছিল, সেখানে এই যুদ্ধে মাত্র ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি মার্কিন সামরিক হামলাকে অনিয়মিত হিসেবে আখ্যা দেন।
স্থানীয়ভাবে ‘কুহ-ই কোলাং গাজ লা’ নামে পরিচিত এই পাহাড়টি ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। ভূগর্ভস্থ শত শত মিটার কঠিন গ্রানাইট পাথরের নিচে অবস্থিত এই কেন্দ্রটিতে দুইটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে, যা ২০২০ সাল থেকে নির্মাণ শুরু হয়।
অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এখানকার সুড়ঙ্গগুলো এত গভীরে নির্মিত যে মার্কিন বাহিনীর সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা দিয়েও এর ক্ষতি করা সম্ভব নয়। পশ্চিমা গোয়েন্দারা এটিকে অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সন্দেহ করলেও ইরান শুরু থেকেই এটিকে কেবল একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হিসেবে দাবি করে আসছে।