যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রধান (প্রিমিয়ার) ডাগ ফোর্ড। ট্রাম্প কানাডায় নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। প্রতিক্রিয়ায় ফোর্ড যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্টারিও থেকে ‘এক কণা বালিও পাবে না’।
এপি-কে দেওয়া সাক্ষাৎকারে ফোর্ড বলেন, ট্রাম্প কানাডিয়ানদের সহ্যক্ষমতা বুঝতে পারেননি। কানাডার সবাই অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুত।
আগামী বছর থেকে কানাডার গাড়ি ও স্টিলের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, কানাডা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রকে ঠকাচ্ছে।
এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে আসেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এরপর যুক্তরাষ্ট্র ২ হাজার কোটি ডলারের কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপ করে। জবাবে কার্নি পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
ফোর্ড জানান, প্রয়োজনে অন্টারিও থেকে বিদ্যুৎ, নিকেল ও ইউরেনিয়াম সরবরাহ বন্ধ হতে পারে। তেল ও পটাশকেও হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। তার মতে, ট্রাম্প কানাডার শিল্পখাত ধ্বংস করে সব উৎপাদন যুক্তরাষ্ট্রে নিতে চান। কানাডাকে অনুগত রাষ্ট্রে পরিণত করাই তার লক্ষ্য।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের কথা স্মরণ করে ফোর্ড বলেন, রিগ্যান এসব দেখলে বিরক্ত হতেন। ট্রাম্পের উচিত তার টেবিলের পাশ থেকে রিগ্যানের ছবি সরানো। তবে সবকিছুর পরও আলোচনার পথ খোলা রাখা উচিত বলে জানান ফোর্ড। তার মতে, আলোচনার টেবিল ছেড়ে যাওয়া ঠিক নয়।