অনলাইন ডেস্ক : চীনের হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সাক্ষৎ করেন তারা। ল্যাটিন আমেরিকার দুদেশ সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিতে মার্কিন স্পিকার ম্যাকার্থির সঙ্গে দেখা করেন স্বায়ত্তশাসিত দ্বীপের প্রেসিডেন্ট সাই।

মঙ্গলবার সাই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে জড়ো হন অনেকে। সেখানে চীনপন্থি বিক্ষোভকারীরাও ভিড় করেন এবং ‘এক চীন’ বলে স্লোগান দেন তারা।

স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে আসছে চীন। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তাইপের যে কোনো আনুষ্ঠানিক বৈঠকেও বাধা দিয়ে আসছে বেইজিং।

সাইয়ের সঙ্গে ম্যাকার্থির বৈঠকের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে চীন জানায়, ‘আগুন নিয়ে খেলছেন ম্যাকার্থি’। গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিবাদে তাইওয়ান প্রণালির আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চীনের।

সূত্র: এএফপি