অনলাইন ডেস্ক : ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের বিভিন্ন এলাকায় গতকাল ভোর থেকে চালানো এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পেট্রোকেমিক্যাল রাসায়নিক কারখানা এবং একটি গ্যাস স্টেশনও ছিল। হামলায় নিহত হয়েছেন ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসির গোয়েন্দা প্রধান।
বাংলাদেশ সময় কাল বুধবার সকালের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বন্ধু দেশের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
গতকাল সকালে শিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর এবং যুদ্ধবিমানের শব্দ শোনার বিষয়েও খবর পাওয়া যায়। কওম শহরের কয়েক জন বাসিন্দাও জানিয়েছেন, সোমবার (গতকাল) রাত ১টার দিকে শহরের কিছু এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। কওম প্রদেশের উপরাজনৈতিক ও নিরাপত্তা পরিচালকও জানিয়েছেন যে, শহরের একটি আবাসিক এলাকা হামলার শিকার হয়েছে।
তিনি নাগরিকদের ঘটনাস্থলে ভিড় না করার অনুরোধ করেছেন। তেহরানের ৯ নম্বর জেলার মেয়র ঘোষণা করেছেন, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্যাস স্টেশনে হামলার পর শরিফ এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনা করেছেন।
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে, আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশির ভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল বাঘেই অস্থায়ী যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করে বলেছেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য বিরতি ও প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বাঘেইকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা যুদ্ধের অবসান এবং এর পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানাচ্ছি।’ ট্রাম্পের দাবি সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আছ্লে—এই ধারণাটি বারবার প্রত্যাখ্যান করেছে।
মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ করতে কাজ করা মধ্যস্থতাকারীদের জন্য একটি জবাব প্রস্তুত করা হয়েছে। —বিবিসি ও সিএনএন






