Home বিনোদন কাজে ফিরছেন বুবলী, সঙ্গে আবারও নিরব

কাজে ফিরছেন বুবলী, সঙ্গে আবারও নিরব

বিনোদন ডেস্ক : আড়াল হওয়ার আগে চিত্রনায়িকা শবনম বুবলী সবশেষ অভিনয় করেছিলেন ‘ক্যাসিনো’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব। এটি গত বছর ফেব্রুয়ারির কথা। এরপর গাঁ ঢাকা দেন এই চিত্রনায়িকা, ফেরেন চলতি বছর শুরুর দিকে।

অবশেষে কাজে ফিরছেন বুবলী। সঙ্গে থাকছেন চিত্রনায়ক নিরব। আরও আছেন চিত্রনায়ক রোশান। তাদের নতুন এই ছবির নাম ‘চোখ’। এটি নির্মাণ করবেন আসিফ ইকবাল জুয়েল। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। গতকাল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তারা।

বুবলী বলেন, ‘ছবির গল্পটা সুন্দর। প্রথম শুনেই মুগ্ধ হই। এতে আমাকে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে। নিরব ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। তিনি সহশিল্পীকে যথাযথ সম্মান দিতে জানেন। সবকিছু মিলিয়ে প্রজেক্টে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।’

নিরব বলেন, ‘ক্যাসিনো সিনেমায় কাজ করার সময়ই বুঝেছি বুবলী পরিপূর্ণ ডেডিকেটেড শিল্পী। নতুন করে আবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। প্রত্যাশা অনেক বেশি। আশা করছি দারুণ কিছু হবে।’

নির্মাতা জানান, ‘চোখ’ ছবির চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল। আর ছবিটি নির্মিত হবে থ্রিলার গল্পে। চলতি মাসেই এর শুটিং শুরুর কথা রয়েছে।

 

Exit mobile version