অনলাইন ডেস্ক : আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শরীর তল্লাশি বা ‘বডি সার্চ’ আরও জোরদার করতে হবে। এমনকি কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলেও তার দায় সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে নিতে হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার জন্য নির্ধারিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে একটি হালনাগাদ তালিকা তৈরি করতে হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। বিশেষ করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হবে।
মন্ত্রী বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে শরীর তল্লাশি নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র কিংবা প্রশ্নসংক্রান্ত কোনো ভুয়া কনটেন্ট আপলোড করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এহছানুল হক মিলন বলেন, ‘মেধাভিত্তিক জাতি গঠনের জন্য আমাদের বর্তমান পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে। অটোপাশের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’
