অনলাইন ডেস্ক : লস অ্যাঞ্জেলসে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক সময়কার ‘হলিউড টাইটান’ হার্ভি ওয়েনস্টেইনকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। নিউ ইয়র্কে এক মামলায় এরই মধ্যে ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন হার্ভি। ফলে তার কারাদণ্ডের সময়কাল বেড়ে দাঁড়িয়েছে ৩৯ বছরে। এ খবর দিয়েছে সিএনবিসি।
খবরে জানানো হয়, গত ডিসেম্বর মাসেই আদালত তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পায়। সেই রায়ই দেয়া হলো বৃহস্পতিবার। রায়ে বলা হয়েছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এক অভিনেত্রী এবং মডেলকে যৌন হেনস্তা করেন হার্ভি। তিনি মিরাম্যাক্স ফিল্মের সহযোগী প্রতিষ্ঠাতা। ২০১৭ সালের দিকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা ‘মি টু আন্দোলন’-এ সব থেকে বেশি জ্বালানি সরবরাহ করেছিল হার্ভি ওয়েনস্টেইনের এই মামলা।
ওয়েনস্টেইন ‘শেক্সপিয়র ইন লাভ’-এর মতো বেশ কয়েকটি সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। লস অ্যাঞ্জেলস আদালতের মামলায় ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
