Home বিনোদন এক যুগ পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতা

এক যুগ পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক : আইপিএল মৌসুম এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরোনো টুইট নিয়ম করে ভাইরাল হয়। ২০১৪ সালে করা সেই এক লাইনের টুইট নিয়ে দীর্ঘ এক যুগ পর অবশেষে মুখ খুললেন পাঞ্জাব কিংসের মালিক ও অভিনেত্রী প্রীতি জিনতা।

২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দলের দাপুটে জয়ের পর উচ্ছ্বসিত প্রীতি অত্যন্ত রসিকতার ছলে সালমানের সেই বহুচর্চিত প্রশ্নের উত্তর দিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালের ২৮ মে। সেদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সময় সালমান খান টুইট করেছিলেন, প্রীতির দল কি জিতেছে? কাকতালীয়ভাবে সেই ম্যাচে পাঞ্জাব হেরে গিয়েছিল। এরপর থেকে প্রতি বছর আইপিএল চলাকালীন নেটিজেনরা মজার ছলে এই টুইটটি শেয়ার করেন। গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারানোর পর এক অনুরাগী প্রীতিকে সালমানের সেই পুরোনো টুইটের কথা মনে করিয়ে দিলে তিনি হাসিমুখে ফিরতি জবাবে লেখেন, ইয়েস ইয়েস ইয়েস।

চলমান আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪তম ম্যাচে পাঞ্জাব কিংস পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে। মুম্বাইয়ের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার প্রভসিমরন সিংয়ের অপরাজিত ৮০ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৬৬ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব।

এই জয়ে উচ্ছ্বসিত প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে দলের খেলোয়াড়দের প্রশংসা করার পাশাপাশি রিকি পন্টিংয়ের কোচিং ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে দীর্ঘ এক যুগ ধরে ঝুলে থাকা সালমানের সেই প্রশ্নের ইতিবাচক উত্তর দিয়ে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছেন এই বলিউড অভিনেত্রী।

সূত্র: মিড-ডে

Exit mobile version