অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে অন্য দেশের পরমাণু তথ্য পেয়েছে এফবিআই। এছাড়া অন্য দেশের প্রতিরক্ষাসংক্রান্ত নথিও রয়েছে। গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের বাড়িতে অভিযান চালিয়েছিল এফবিআই। বাড়ি থেকে ১১ হাজারের বেশি নথি উদ্ধার করেছে তদন্ত সংস্থা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এসব তথ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কিংবা শত্রু দেশের কি না, তা জানা যায়নি।
জানা গেছে, উদ্ধার করা নথিপত্র এতটাই গোপনীয় যে, প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্য ছাড়া আর কারো দেখার অনুমতি নেই। অন্য দেশের পারমাণবিক শক্তির বিবরণ কেন একজন মার্কিন নাগরিকের বাসভবনে রাখা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনটি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ক্লাব হিসেবেও ব্যবহৃত হয়। দেশের নিরাপত্তাসংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র কী করে ট্রাম্পের বাড়িতে রাখা হলো, তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভবন থেকে বিদায় নেওয়ার সময় বেশ কিছু নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। বারবার বলার পর কিছু নথিপত্র ফিরিয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তার কাছে আর কোনো গুরুত্বপূর্ণ নথি নেই।
ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার হওয়া পারমাণবিক অস্ত্রের নথিপত্র আসলে কোন দেশের, তা প্রকাশ করেনি এফবিআই। বাড়ির কোন অংশে কীভাবে ঐ নথিপত্র পাওয়া গেছে, তাও জানানো হয়নি। যেহেতু ট্রাম্পের বাড়িটি ক্লাব হিসেবেও ব্যবহার করা হয়, তাই নথিপত্রগুলো আদৌ গোপনভাবে রাখা ছিল কি না, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। আরও জানা গেছে, নথিপত্র খতিয়ে দেখার জন্য মার্কিন মন্ত্রিসভার কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে এফবিআই কর্মকর্তাদের। —আলজাজিরা
