অনলাইন ডেস্ক : চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও সংঘাতের মধ্যে নতুন মোড়ের ইঙ্গিত মিলেছে। ইরান দাবি করেছে, আলোচনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র তাদের আলোচক দলে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে। বিশেষ দূত স্টিভ উইটকফকে বাদ দিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। খবর তাস নিউজের।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে তেহরানের এক কর্মকর্তা জানান, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বৈঠক ও সমঝোতা চান। সর্বশেষ প্রস্তাবে উইটকফকে সরিয়ে ভ্যান্সকে যুক্ত করে একটি ‘গুরুত্বপূর্ণ সংলাপ’ চালানোর কথা বলা হয়েছে।’ তার দাবি, উইটকফ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলেই এই পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
একই সূত্রে জানা গেছে, চলমান সংঘাতের কারণে আগামী সপ্তাহে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন। এই পরিস্থিতি এড়াতেই ওয়াশিংটন দ্রুত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি ইরানের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র এই প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য আলটিমেটাম দেয়।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে ৬ এপ্রিলের মধ্যে সমাধানের সময়সীমা নির্ধারণ করলেও পরে সেটি বাড়িয়ে ৭ এপ্রিল রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত করেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হতে পারে।
