Home বিনোদন রহস্যময় পোস্টে যা বললেন অমিতাভ

রহস্যময় পোস্টে যা বললেন অমিতাভ

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই দারুণ সরব বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে গভীর কোনো উপলব্ধি সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এবার তার একটি পোস্ট ঘিরে রহস্য দানা বেঁধেছে। নেটিজেনদের ধারণা, কোনো কারণে ভীষণ রেগে আছেন এই মেগাস্টার।

সাধারণত বলিউড তারকারা বিতর্ক এড়িয়ে চলেন কিংবা ব্যক্তিগত ক্ষোভ আড়ালেই রাখেন। কিন্তু অমিতাভের স্টাইল বরাবরই আলাদা। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) তিনি হঠাৎ লিখে বসেছেন, ‘চুপ!’। আর এই একটি শব্দের পাশে জুড়ে দিয়েছেন একটি রাগের ইমোজি।

অমিতাভের এমন মেজাজি পোস্ট দেখা মাত্রই মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। প্রিয় অভিনেতার এমন আচরণের কারণ খুঁজতে শুরু করেছেন সবাই। কেউ বিনয়ের সঙ্গে জানতে চেয়েছেন, ‘স্যার, কী হয়েছে? আপনি কেন রেগে আছেন?’ আবার কেউ কেউ সুযোগ বুঝে জয়া বচ্চনের কড়া মেজাজের প্রসঙ্গ টেনে মজাও করেছেন।

বিগ বির এই সংক্ষিপ্ত বার্তাকে অনেকে কেবল রাগ নয় বরং প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন। এক ভক্ত লিখেছেন, ‘স্যার, রাগ করবেন না। মনে যা আছে বলে দিন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এটি কেবল একটি শব্দ নয়, যেন একটা যুগের সাক্ষী বহন করছে।’ অনেকে আবার তাকে সাহস জুগিয়েছেন এভাবে সোজাসাপ্টা কথা বলার জন্য।

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অমিতাভ কি ব্যক্তিগত জীবনের কোনো অশান্তি থেকে এমনটা লিখেছেন? নাকি ইন্ডাস্ট্রির কারো ওপর তার এই ক্ষোভ? জনৈক অনুরাগী লিখেছেন, ‘স্যার, আপনার এভাবেই কথা বলা উচিত। আমি আশা করি আপনি কখনও চুপ থাকবেন না।’

Exit mobile version