বিনোদন ডেস্ক : ‘ট্রল’, ‘যে শহরে টাকা উড়ে’ ও ‘শিফট’- নাটকগুলো নির্মাণের পর আলোচনায় আসেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এবার তিনি নির্মাণ করছেন চলচ্চিত্র। নাম ‘বায়োপিক’। ছবিটিতে ‘জুটি হচ্ছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এর মাধ্যমে ‘বিশ্বসুন্দরী’ ও ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার পর তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ এ জুটি।
সিয়াম ও পরীর চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনা করছে ছবিটি। বায়োপিকের গল্প পরিচালকের নিজেরই। যৌথভাবে এটির চিত্রনাট্য করছেন ইশতিয়াক অয়ন, স্বরুপ চন্দ দে ও সঞ্জয় সমদ্দার। পরিচালক জানিয়েছেন, আগামী কোরবানীর ঈদের পর ছবিটির শুটিং শুরু হবে।
সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমা এটি। স্বভাবতই সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ নির্মাতা। সঞ্জয় বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। ওয়েব কন্টেন্ট ও নাটক যে কয়টিই নির্মাণ করেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবাসার শক্তি নিয়েই এবার সিনেমা। দর্শকরা পছন্দ করবেন এমন একটি সিনেমা বানাতে চাই। বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ তারা আমার ওপর আস্থা রেখেছেন।’
এই সিনেমা নিয়ে যখন সিয়ামের সঙ্গে কথা বলা হয় তখন তিনি সৈয়দপুরে। সেখানে রায়হান রাফির ‘দামাল’ ছবির শুটিং করছেন। সেখান থেকে ‘বায়োপিক’ নিয়ে সিয়াম বলেন, ‘ছবিটির গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। শুধু বলবো ৬ মাস ধরে ছবিটির গল্প নিয়ে সঞ্জয়দার সঙ্গে আলাপ হচ্ছে। অবশেষ চুক্তিবদ্ধ হলাম। এক কথায় অসাধারণ গল্প। বাকিটা দর্শকরা হলে গিয়ে দেখতে পাবেন।’
গত বছরের শেষের দিকে মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত সিয়াম-পরী অভিনীত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। ছবিটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। এরপর সিয়াম ‘দামাল’ ছবির শুটিং শুরু করেন। আর পরীমনি শুরু করেন ‘স্ফুলিঙ্গ’ ছবির শুটিং।
অন্যদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার সর্বশেষ তাহসান ও তানজিন তিশাকে জুটি করে নির্মাণ করেন ঈদের নাটক ‘এন্টিহিরো’।
