অনলাইন ডেস্ক : ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ‘প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-এর বরাতে বিবিসি জানায়, পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বানের প্রেক্ষাপটে ইরান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসমাইল বাঘাই বলেন, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় ইরান প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।
এদিকে গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।
একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সরকার ‘গুরুতরভাবে বিভক্ত’ অবস্থায় রয়েছে।
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনার বিষয়ে বাঘাই বলেন, ‘কূটনীতি হলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায়। যখনই আমরা মনে করব, এটি ব্যবহারের প্রয়োজনীয় ও যৌক্তিক পরিবেশ তৈরি হয়েছে, তখনই আমরা পদক্ষেপ নেব।’
