ই-পেপার

৬ বছর পর ফের চালু ভারত-চীন সীমান্ত বাণিজ্য

কোভিড-১৯ মহামারি এবং সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘ

আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৮:২৯
৪৮ ভিউ
৬ বছর পর ফের চালু ভারত-চীন সীমান্ত বাণিজ্য

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কোভিড-১৯ মহামারি এবং সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো ভারত-চীন সরাসরি সীমান্ত বাণিজ্য। শনিবার থেকে পূর্ব সিকিমের নাথুলা পাস ও উত্তরাখণ্ডের লিপুলেখ পাস হয়ে ঐতিহাসিক এই দুই সিল্ক রুট পুনরায় খুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক।

দুই দেশের সম্মতি অনুযায়ী মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ছয় মাস এই বাণিজ্য চালু থাকবে এবং সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেনাবেচা করা যাবে। আগে নির্দিষ্ট করে রাখা ৩৬টি পণ্যের ওপর ভিত্তি করেই এই বাণিজ্য চলবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে হস্তশিল্প, তাঁতের জিনিস, কম্বল, কৃষিকাজের সরঞ্জাম, প্রক্রিয়াজাত খাবার, শুকনো সবজি, মসলা, রেডিমেড পোশাক ও বাসনপত্র রপ্তানি করা হবে। অন্যদিকে, তিব্বত অঞ্চল থেকে রেডিমেড পোশাক, জুতো, ইয়াকের চামড়ার তৈরি জিনিস, মাখন, ছাগল ও লেপ আমদানি করা হবে।

আগে ৪০০ ব্যবসায়ীকে পারমিট দেওয়া হলেও বর্তমানে যাচাই-বাছাই করে আপাতত ৫৮টি পাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ছাড়পত্র মিললে এই সংখ্যা আরও বাড়বে। এছাড়া দুই দেশের যৌথ বৈঠকের পর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ক্ষতিগ্রস্ত চেকপোস্টগুলো মেরামত করে বাণিজ্য সহায়ক পরিকাঠামো নতুন করে তৈরি করা হয়েছে।

ভারতের তরফে নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে অতিরিক্ত ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) মোতায়েন করা হয়েছে। এছাড়া, বাণিজ্য পরিচালনায় সাহায্যের জন্য এই প্রথমবার সীমান্ত এলাকায় নারী জওয়ানদের একটি দলও মোতায়েন করা হয়েছে।

১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর এই সীমান্তপথ দীর্ঘ ৪৪ বছর ধরে বন্ধ ছিল। ২০০৬ সালে নাথুলা পাস খুলে দেওয়া হলেও ২০২০ সালে কোভিড মহামারি ও উত্তেজনার কারণে তা আবারও স্থগিত হয়ে যায়।