বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়লেও তার
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়লেও তার ইতিবাচক প্রভাব পড়ছে না চীনের শেয়ারবাজারে। বরং দীর্ঘদিনের মন্দার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তি খাতের অনিশ্চয়তা। এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাবে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় দরপতন হয়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি শুধু এআই খাতের সমস্যার প্রতিফলন নয়, বরং দেশটির অর্থনীতি ও পুঁজিবাজারের কাঠামোগত দুর্বলতাও সামনে আনছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ ছাড়ার খবর প্রকাশের পর চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে যায়।
এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে আলিবাবার নাম উঠে এসেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী অ্যালিস হুয়াংকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।
চীনের অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও দরপতনের মুখে পড়েছে। দেশটির এআই প্রতিষ্ঠান জেড ডট এআইয়ের শেয়ারের দাম কমেছে ৯ শতাংশ এবং মিনিম্যাক্সের কমেছে ৭ দশমিক ৮ শতাংশ। উন্নত সেমিকন্ডাক্টর চিপ সংগ্রহে চীনের বাধা আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন।
বাজারের সামগ্রিক চিত্রও হতাশাজনক। গত সপ্তাহে সাংহাইয়ের সিএসআই ৩০০ সূচক কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। একই সময়ে হংকংয়ের হ্যাং সেং সূচকের পতন হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। এর আগে অক্টোবরে সিএসআই ৩০০ সূচক ৮ দশমিক ৫ শতাংশ হারায়, যা এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ মাসিক পারফরম্যান্স। জুনের পর থেকে দেশটির প্রবৃদ্ধিনির্ভর চিয়েনেক্সট ও স্টার ৫০ সূচকও ৪০ শতাংশের বেশি কমেছে।
চীনের বাজার নিয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন সুইজারল্যান্ডের বেসরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ সেবা বিভাগের প্রধান পিটার কিনসেলা। টেলিগ্রাফকে তিনি বলেন, এ বাজার থেকে বিনিয়োগকারীদের মুনাফা করা কঠিন।
**এআই কোম্পানির প্রবেশেও সতর্কতা**
এদিকে শেয়ারবাজারে মূলধনের প্রবাহ ধরে রাখতে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত বর্ধনশীল এআই কোম্পানিগুলোকে একসঙ্গে বাজারে তালিকাভুক্তির সুযোগ দিলে পুরোনো প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ সরে যেতে পারে। এতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সম্পদের মূল্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তর এশিয়াবিষয়ক প্রধান বিনিয়োগ কর্মকর্তা রেমন্ড টি চেং টেলিগ্রাফকে জানান, চীন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। এআই কোম্পানিগুলোকে শেয়ারবাজারে যুক্ত করার বিষয়ে দেশটি ধীরগতির ও পরিকল্পিত পদ্ধতি অনুসরণ করতে চায়।
প্রযুক্তি খাতের অনিশ্চয়তার বাইরেও চীনের বাজারকে চাপে রেখেছে আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট, ভোক্তাদের কম ব্যয় এবং তীব্র ব্যবসায়িক প্রতিযোগিতা। গত পাঁচ বছরে দেশটির সিএসআই ৩০০ সূচক ১৬ শতাংশের বেশি কমেছে। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
**ডিফ্লেশনের ঝুঁকিতে অর্থনীতি**
বিশ্লেষকদের আশঙ্কা, চীনের অর্থনীতি মূল্যস্ফীতির বদলে মূল্যহ্রাস বা ডিফ্লেশনের ঝুঁকির দিকে এগোচ্ছে। অক্টোবরে দেশটির ৩০টি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে মাত্র ১৫টিতে পাইকারি পণ্যের দাম বেড়েছে। একই সময়ে ভোক্তা মূল্যস্ফীতির হার শূন্য দশমিক ৯ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৭ শতাংশে নেমেছে।
অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও ভোক্তাদের দুর্বল চাহিদার কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে না, বরং অনেক ক্ষেত্রে স্থির থাকছে বা কমছে। দীর্ঘস্থায়ী আবাসন সংকট মানুষের সম্পদ ও ভোক্তা আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে কোম্পানিগুলো নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে, যা শেয়ারবাজারের ওপর চাপ বাড়াচ্ছে।
বাজারের মালিকানা কাঠামোও অস্থিরতার একটি কারণ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তুলনায় সাধারণ বিনিয়োগকারীদের প্রভাব বেশি হওয়ায় অর্থের প্রবাহে সামান্য পরিবর্তনও শেয়ারের দামে বড় ওঠানামা তৈরি করে। এ ছাড়া বাজারটির এক-তৃতীয়াংশের বেশি মূল্যের মালিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কোম্পানিগুলো। তীব্র প্রতিযোগিতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেকের মুনাফা সীমিত।
চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্পে এ প্রতিযোগিতার প্রভাব স্পষ্ট। মূল্যযুদ্ধের কারণে ২০২৫ সালের ডিসেম্বরে গাড়ি নির্মাতাদের মুনাফার হার কমে রেকর্ড সর্বনিম্ন ১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছিল।
এর সঙ্গে যুক্ত হয়েছে এনভিডিয়াকে ঘিরে বিতর্ক। এ ঘটনার জেরে ওয়াশিংটন চীনের প্রযুক্তি খাতের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাতে দেশটির অর্থনৈতিক সংকট আরও বাড়ার ঝুঁকি রয়েছে। ফলে চীনের শেয়ারবাজারকে আপাতদৃষ্টিতে সস্তা মনে হলেও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যাচ্ছে।