ই-পেপার

ধুমধাম করে বিয়ে করল দুই রোবট

প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে এবার অভিনব এক ঘটনার সাক্ষী

আপডেট: ১৩ জুলাই ২০২৬, ২২:২৫
৬ ভিউ
ধুমধাম করে বিয়ে করল দুই রোবট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে এবার অভিনব এক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। রাশিয়ার রাজধানী মস্কোর পুশকিন লাইব্রেরিতে প্রথমবারের মতো দুই হিউম্যানয়েড রোবট ‘সাতপাকে বাঁধা’ পড়ল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় আয়োজিত এই বিয়েতে ছিল শপথ গ্রহণ থেকে শুরু করে আংটির বদলে ব্রেসলেট বিনিময়ের মতো সব আনুষ্ঠানিকতা। প্রযুক্তি জগতের এই প্রদর্শনী ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা।

অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রোবট দুইটির নাম দেওয়া হয়েছে রবার্ট এবং মাটিল্ডা। এর আগে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এদের প্রদর্শন করা হয়েছিল। রবার্টকে মূলত একজন অফিসকর্মী ও ব্লগারের আদলে তৈরি করা হয়েছে, আর মাটিল্ডার নকশা করা হয়েছে একজন ব্যালে নৃত্যশিল্পীর আদলে।

অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল একটি রোবট কুকুর, যা বিয়ের ব্রেসলেটগুলো বহন করে নিয়ে আসে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি সংলাপের মাধ্যমেই রোবট দুটি একে অপরের কাছে বিয়ের শপথ গ্রহণ করে এবং অনুষ্ঠানের সঞ্চালক তাদের আনুষ্ঠানিকভাবে রোবট দম্পতি হিসেবে ঘোষণা করেন।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে রোবট কি সত্যিই আইনত বিবাহিত হতে পারে? বাস্তবে এটি কোনো আইনগত বিয়ে ছিল না। রোবট নির্মাতা প্রতিষ্ঠান আইটি-ইম্পেরিয়াল আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মানুষের নজর কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটের অগ্রগতির দিকে আকর্ষণ করা। আয়োজকদের মতে, ভবিষ্যতে রোবট কেবল কারখানার কাজে সীমাবদ্ধ থাকবে না, বরং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এই বার্তাটিই তারা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চেয়েছেন।

বর্তমানে টেসলার অপ্টিমাস, ফিগার এআই, ইউনিট্রি এবং বোস্টন ডাইনামিকসের মতো বিশ্বের নামী প্রযুক্তি সংস্থাগুলো মানুষের মতো হাঁটাচলা ও কাজ করতে সক্ষম রোবট তৈরির কাজে ব্যস্ত। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বর্তমানে এমন সব রোবট তৈরি করা হচ্ছে, যাদের গায়ের চামড়া ও মুখের অভিব্যক্তি মানুষের মতোই বাস্তবসম্মত। যদিও এই প্রযুক্তি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে এখনো বেশ কিছুটা সময় লাগবে এবং এর ব্যয়ভারও অনেক বেশি, তবে রাশিয়ার এই আয়োজন প্রমাণ করে যে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আগের তুলনায় অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে।