ই-পেপার

গ্রিনল্যান্ডে স্থায়ী সামরিক উপস্থিতি বাড়াতে ঐতিহাসিক চুক্তি করল যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি আরও সুদৃঢ়

আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬
২০ ভিউ
গ্রিনল্যান্ডে স্থায়ী সামরিক উপস্থিতি বাড়াতে ঐতিহাসিক চুক্তি করল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি আরও সুদৃঢ় করতে এবং সেখানে প্রতিপক্ষ দেশের প্রবেশাধিকার স্থায়ীভাবে বন্ধ করতে একটি নতুন কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এই চুক্তির ঘোষণা দিয়ে একে ওয়াশিংটনের জন্য একটি ‘স্বপ্নের মতো অর্জন’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করে আসলেও এই চুক্তির ফলে দ্বীপটি সরাসরি কেনার পরিকল্পনা থেকে সরে এসে স্থায়ী প্রতিরক্ষা অংশীদারত্ব নিশ্চিত করল ওয়াশিংটন।

চুক্তির শর্ত অনুযায়ী, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে সামরিক উপস্থিতি ও কার্যক্রম পরিচালনার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। যার কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ নেই; এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কোনো শত্রুভাবাপন্ন দেশ গ্রিনল্যান্ডে কোনো সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারবে না; মার্কিন অনুমোদন ছাড়া দ্বীপটিতে কোনো ধরনের ‘সংবেদনশীল বিনিয়োগ’ করতে পারবে না অন্য কোনো দেশ এবং গ্রিনল্যান্ড ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করলেও এই চুক্তির শর্তগুলো অপরিবর্তিত থাকবে এবং যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার ও সামরিক অধিকার বহাল থাকবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই চুক্তির ফলে উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার হবে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নীলসেন এক বিবৃতিতে জানান, এই চুক্তি আন্তর্জাতিক সহযোগিতায় গ্রিনল্যান্ডের স্বার্থ ও অবস্থানকে স্বীকৃতি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দাবি করেছেন, এই সমঝোতা ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার উদ্বেগকে চিরতরে ও সম্পূর্ণভাবে দূর করেছে।

তবে চুক্তিটির বিস্তারিত রূপরেখা এবং নতুন কোনো মার্কিন ঘাঁটি তৈরি হবে কি না, সে বিষয়ে এখনো কিছু সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র : রয়টার্স