ইসরায়েলের তেল আবিবের হাবিমা স্কোয়ারে প্রায় ৫০০ মানুষ একত্রিত হয়ে ইহুদি ও
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইসরায়েলের তেল আবিবের হাবিমা স্কোয়ারে প্রায় ৫০০ মানুষ একত্রিত হয়ে ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত নেসেট নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা যৌথভাবে ৬৭টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এক ঘটনা ঘটে।
শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভকারীরা ‘ইহুদি ও আরবরা শত্রু হতে অস্বীকার করে’ এবং ‘বর্ণবাদকে না, অংশীদারিত্বকে হ্যাঁ’ স্লোগান দিতে থাকেন। দ্বিজাতিক সমাজতান্ত্রিক বামপন্থী গোষ্ঠী স্ট্যান্ডিং টুগেদার এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।
অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি শত্রুভাবাপন্ন বিদেশী সরকারের সহায়তায় আরব দলগুলো ‘নির্বাচন চুরি করেছে’ বলে অভিযোগ করার পর নির্বাচন জালিয়াতির তদন্তের দাবিতে হাবিমা স্কোয়ারে খুব শিগগিরই একটি ডানপন্থী পাল্টা বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নেতানিয়াহুর কিছু সমর্থক প্লাজার এক পাশে জড়ো হতে শুরু করেছেন।
মঙ্গলবারের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো ৬৭টি আসন পেলেও প্রধানমন্ত্রীর বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর বেশিরভাগই অভূতপূর্ব ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করতে অস্বীকৃতি জানাচ্ছে।
আরব দলগুলোর সহায়তা ছাড়া ইহুদি নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী দলগুলো এককভাবে মাত্র ৪৮টি আসন পেয়েছে, যা নেতানিয়াহুর জোটের পাওয়া আসনের চেয়ে পাঁচটি কম।
আরব দলগুলোর সমর্থন অথবা ‘পরিবর্তন জোট’ থেকে দলত্যাগ না হলে আগামী ১০ নভেম্বর শপথ নিতে যাওয়া নতুন নেসেটে নেতানিয়াহু বা তার সিয়োনিস্ট বিরোধীদের কারও পক্ষেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে না।
সূত্র: টাইমস অফ ইসরায়েল