ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লিভারপুল
ছবি সংগৃহীত: ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লিভারপুল। রোববার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে সুইডিশ তারকা আলেকজান্ডার ইসাকের গোলের পাশাপাশি পাসকাল গ্রোসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আন্দোনি ইরাওলার দল। ইসাকের সাম্প্রতিক গোলের ধারায় মুগ্ধ কোচও মনে করছেন, নিজের চেনা বিধ্বংসী রূপে ফিরেছেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে অল্প সময়ের ব্যবধানে দুটি গোল পায় লিভারপুল। গ্রোসের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান ইসাক। চলতি মৌসুমে লিগের সাত ম্যাচে ছয়টি গোল করেছেন সুইডিশ তারকা। সর্বশেষ চার ম্যাচে তার গোল তিনটি।
নিউক্যাসল থেকে বিতর্কিতভাবে দলবদল করে লিভারপুলে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমটি মোটেও ভালো কাটেনি ইসাকের। তবে এবার ধীরে ধীরে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। তাকে দলে নিতে লিভারপুলের খরচ হয়েছিল ১২ কোটি ৫০ লাখ পাউন্ড, যা প্রায় ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সমান।
ইসাকের গোল করার সামর্থ্য নিয়ে ইরাওলা বলেন, 'আমরা যদি তাকে উপযুক্ত জায়গায় বল দিতে পারি, ভালো ক্রস ও গোল করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারি, তাহলে সে গোল করবেই।'
তিনি আরও বলেন, 'এ ক্ষেত্রে প্রতিপক্ষের সঙ্গে দ্বৈরথে জেতা, একের বিপক্ষে এক পরিস্থিতিতে এগিয়ে যাওয়া, প্রতিপক্ষের চেয়ে দ্রুত থাকা এবং গোল করার উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া গুরুত্বপূর্ণ।'
অ্যানফিল্ডে এসে লিগে প্রথম তিন ম্যাচে জয় পাননি ইরাওলা। তবে এবার সেই মাঠেই প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেলেন স্প্যানিশ কোচ। এর আগে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপের ম্যাচে জয় পেয়েছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতেছে লিভারপুল।
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি। তৃতীয় স্থানে থাকা ব্রাইটনের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা। চলতি মৌসুমে লিগে এটি ব্রাইটনের দ্বিতীয় হার।
শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান ছয় পয়েন্ট। ফলে শিরোপার লড়াইয়ে ফেরার আশাও দেখছে দলটি।
জয়ের পর ইরাওলা বলেন, 'আজকের জয় নিয়ে আমি খুবই খুশি। সব মিলিয়ে টানা চতুর্থ জয় পেয়ে ভালো লাগছে। আমরা খুব ভালো একটি দলের মুখোমুখি হয়েছিলাম। ম্যাচের শুরুটা কেমন হবে, সেটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের শুরু থেকেই আক্রমণাত্মক হতে হয়েছে, বল পুনরুদ্ধার করতে হয়েছে, দ্বৈরথে জিততে হয়েছে এবং দ্রুত পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে উঠতে হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমার মনে হয়, আমরা সেগুলো করতে পেরেছি। আগের ম্যাচগুলো থেকে আজকের খেলাটা আলাদা ছিল। আগের ম্যাচগুলোতে আমরা প্রথমে গোল হজম করেছিলাম, এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হয়েছে। আজ শুরুটা ভালো করায় ম্যাচের চিত্রও বদলে গেছে।'
ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্লোরিয়ান উইর্টজকে। তবে তার চোট গুরুতর নয় বলেই আশা করছেন ইরাওলা।
কোচ বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে গোড়ালিতে সামান্য মচকানোর কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছে। চোটটা খুব গুরুতর বলে মনে হচ্ছে না। তবে প্রতি তিন দিন পরপর আমাদের ম্যাচ খেলতে হচ্ছে। তাই তার অবস্থা আরও ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে।'
ম্যাচে ৬৪ শতাংশ সময় বলের দখল ছিল ব্রাইটনের। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১৭টি শটও নেয় তারা। কিন্তু ইয়াসিন আয়্যারির একটি শট পোস্টে লাগা ছাড়া উল্লেখযোগ্য সাফল্য পায়নি দলটি। তাদের নেওয়া শটের মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে।
এর মধ্য দিয়ে ৯ ঘণ্টারও বেশি সময় গোল হজম না করার ধারাও ভেঙেছে ব্রাইটনের।
হারের পরও আক্রমণাত্মক ফুটবলের প্রশংসা করেছেন ব্রাইটন কোচ ফাবিয়ান হুরজেলার। তার মতে, ম্যাচে বেশি সুযোগ তৈরি করেও গোল করতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে।
হুরজেলার বলেন, 'মাঠে উপস্থিত সবাই দেখেছেন, একটি দল সত্যিই গোলের সুযোগ তৈরি করে ম্যাচ জেতার চেষ্টা করেছে। এ কারণে আমি আমার খেলোয়াড়দের প্রশংসা করতে চাই।'
তিনি আরও বলেন, 'আমাদের সামনে সুযোগ ছিল। লিভারপুল গোল করার আগে আমরা এক-দুটি বড় সুযোগ পেয়েছিলাম। পার্থক্যটা ছিল শুধু এই যে, তারা গোল করেছে, আমরা পারিনি।'
লিভারপুলের রক্ষণভাগের প্রশংসা করে ব্রাইটন কোচ বলেন, 'তারা ভালো রক্ষণ সামলে গোল হজম করেনি। আমাদের অনেক শট আটকে দিয়েছে এবং নিজেদের গোলমুখ ভালোভাবে আগলে রেখেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।'