কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২৪ জনে। এরই মধ্যে ভূমিকম্পের পর দেশজুড়ে ৭০ বারের বেশি আফটারশক অনুভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে কম্পন ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আরও কয়েক দিন, সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত আফটারশক অব্যাহত থাকতে পারে।
সংবাদমাধ্যম সিএনএনের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানিয়েছে তারা।
সিএনএনের সর্বশেষ হিসাবের পর পশ্চিমাঞ্চলীয় চোকো বিভাগে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, ওই বিভাগে আরও ১৩৮ জন আহত হয়েছেন। এ ছাড়া পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
ভূমিকম্পের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে একের পর এক আফটারশক। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের প্রাণঘাতী ভূমিকম্পের পর দেশজুড়ে ৭০ বারের বেশি আফটারশক হয়েছে।
এর মধ্যে সর্বশেষ কম্পনটি মঙ্গলবার সকালে অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। মূল ভূমিকম্পের তুলনায় এটি অনেক কম শক্তিশালী হলেও দেশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।