কান উৎসবে বলিউডের জৌলুস, অংশ নিচ্ছেন যেসব তারকা
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 9, 2026 11
বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১২ মে থেকে, যা চলবে ২৩ মে পর্যন্ত। ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবারের আসর। প্রতিবছরের মতো এবারও এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউডসহ ভারতের একাধিক তারকা ও নির্মাতা।
গত কয়েক বছর ধরে কান মঞ্চে নিয়মিতভাবে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত বছর থেকে সেই তালিকায় যুক্ত হয়েছেন আলিয়া ভাটও। এবারের আসরেও তাদের উপস্থিতি ও ফ্যাশন স্টেটমেন্ট ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
নিজের অংশগ্রহণ নিয়ে আলিয়া বলেন, ‘দ্বিতীয়বার কান–এ থাকব ভেবে দারুণ লাগছে। গত বছর অবিস্মরণীয় এক অভিজ্ঞতা হয়েছিল। চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে আরও বড় মেজাজে সেলিব্রেশন হবে বলেই প্রত্যাশা রাখি। নারীদের কণ্ঠস্বর আরও জোরাল ভাবে তুলে ধরতে মুখিয়ে রয়েছি।’
গত বছর কান রেড কার্পেটে ঐশ্বরিয়ার সিঁথির সিঁদুরও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় সংস্কৃতির একটি ভিন্ন বার্তা হিসেবে দেখা হয়েছিল। একইভাবে অভিনেত্রী অদিতি রাও হায়দারিও সিঁদুর পরেই নজর কেড়েছিলেন। এবারও তাকে কান মঞ্চে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
এবারের উৎসবে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটবেন অভিনেত্রী তারা সুতারিয়া। পাশাপাশি উপস্থিত থাকবেন মৌনী রায় ও জ্যাকুলিন ফার্নান্দেজ। যদিও জাহ্নবী কাপুর অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
শুধু অভিনয়শিল্পীরাই নন, এবার কান উৎসবে অংশ নিচ্ছেন নির্মাতা করণ জোহরও। সম্প্রতি তিনি মেট গালাতেও উপস্থিত ছিলেন। এছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার নতুন পরিচালক আশুতোষ গোয়ারিকরও থাকবেন এই আয়োজনে।
এবারের কান উৎসবে ভারতের আঞ্চলিক সিনেমার উপস্থিতিও চোখে পড়বে। প্রথমবারের মতো পাঞ্জাবি সিনেমা ‘চারদিকলা’র মাধ্যমে অংশ নিচ্ছেন অ্যামি ভির্ক ও রূপি গিল। মারাঠি সিনেমার প্রতিনিধিত্ব করবেন অশোক শরাফ, গুজরাটি সিনেমা থেকে থাকবেন মানসী পারেখ, পাশাপাশি মালয়ালম চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরাও উপস্থিত থাকবেন এই বিশ্বমঞ্চে।
