ই-পেপার

শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভের্দের গোলে গ্রিসের ক্লাব এএইকে এথেন্সকে ৩-২

আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২
১২ ভিউ
শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভের্দের গোলে গ্রিসের ক্লাব এএইকে এথেন্সকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এএইকে এথেন্সের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় রিয়াল। টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল এএইকে। স্বাগতিকদের সেই চাপের পুরস্কারও আসে দ্রুত। ১২ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত শটে বল জালে পাঠান আবুবাকারি কোইতা।

এরপর লুকা ইয়োভিচের প্রচেষ্টা ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ২৭ মিনিটে অফসাইডের কারণে জুড বেলিংহামের একটি গোল বাতিল হয়। তবে পাঁচ মিনিট পর মার্ক কুকুরেয়ারের নিচু ক্রস থেকে দারুণ কৌশলে পেছন দিকে গোড়ালির ছোঁয়ায় বল জালে পাঠিয়ে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম।

৭৫ মিনিটে কোইতার দুর্দান্ত দৌড় ও পাস থেকে আবারও এগিয়ে যায় এএইকে। তার বাড়ানো বলে নিচু শটে গোল করেন স্তাভরোস পিলিওস। বলটি কোর্তোয়ার দুই পায়ের ফাঁক দিয়ে জালে প্রবেশ করে।

তবে তিন মিনিট পরই দেঞ্জেল ডুমফ্রিসের ক্রস থেকে বল জালে ঠেলে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন ভালভের্দে। এই হারে তিন পয়েন্ট নিয়ে তালিকার ৩০তম স্থানে রয়েছে এএইকে এথেন্স।