ই-পেপার

তীব্র ‘আর্থিক চাপে’ বড় ছাঁটাইয়ের পথে বিবিসি

তীব্র ‘আর্থিক চাপ’ মোকাবেলায় ব্যয় সংকোচনের অংশ হিসেবে

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১
৫১ ভিউ
তীব্র ‘আর্থিক চাপে’ বড় ছাঁটাইয়ের পথে বিবিসি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তীব্র ‘আর্থিক চাপ’ মোকাবেলায় ব্যয় সংকোচনের অংশ হিসেবে ক্রীড়া বিভাগে অন্তত ৪১টি পদ বিলুপ্ত করার পরিকল্পনা করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে অন্তত ৩৬ জন কর্মী চাকরি হারাতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে এরই মধ্যে কর্মীদের স্বেচ্ছায় অবসরের সুযোগ দিচ্ছে বিবিসি। এর মাধ্যমে যত বেশিসংখ্যক কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়বেন, ততটাই ছাঁটাইয়ের চাপ কমবে বলে মনে করা হচ্ছে। পদগুলো বিলুপ্ত হলে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি।

আর্থিক সংকটের কারণে এরই মধ্যে বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান বন্ধ করেছে বিবিসি।

পাশাপাশি উন্নয়নভিত্তিক ব্যয়ও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে দেখা গেছে বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কাটছাঁটের প্রস্তাব তৈরি করেছেন।

এরইমধ্যে ফিলিপস কর্মচারীদের সতর্ক করেছেন, চলতি অর্থ বছরের শেষের মধ্যেই কেবল কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী বাদ পড়তে পারেন। আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় বা ‘ইফিসিয়েন্সি সেভিংস’ অর্জনের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠান জুড়ে প্রায় ২ হাজার পদ বিলুপ্তির যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।

গত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসিতে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই প্রচেষ্টা। সামগ্রিক এই ছাঁটাইয়ের মধ্যে ৫৫০টি পদ কমবে বিবিসি নিউজসহ টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকে। বিবিসির ডিজি ম্যাট ব্রিটিনের প্রত্যাশা অনুযায়ী, সামগ্রিক এ ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে।

গত জুন মাসে কর্মীদের পাঠানো এক ই-মেইলে ব্রিটিন লেখেন, অর্থ সাশ্রয়ে কঠিন সব সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কাজ করা প্রয়োজন, যা এক দিনে বা একবারে হওয়া সম্ভব নয়। কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই তা আপনাদের জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিটি বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে।

তিনি লেখেন, আমরা অত্যন্ত অনিশ্চিত এক সময়ে বাস করছি। বিশ্বকে সঠিকভাবে বুঝতে, তথ্যের ওপর আপডেটেড থাকতে এবং বিনোদনের জন্য আমাদের দর্শক ও শ্রোতারা প্রতিদিন আমাদের ওপর নির্ভর করে। তাই আমাদের মিশন বজায় রেখে অর্থ সাশ্রয় করার এই প্রক্রিয়া সবার জন্যই দ্বিগুণ কঠিন একটি সময়। আপনার বিভাগের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলুন এবং যেসব সহায়তা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করুন। এই কঠিন সময়ে আপনারা যা কিছু করছেন তার জন্য ধন্যবাদ।

বিবিসিকে আরো সহজ ও দ্রুত গতিসম্পন্ন করতে শীর্ষ নেতৃত্ব বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদগুলোর কমপক্ষে ১০ শতাংশ কমিয়ে আনার কথাও বলেন তিনি। এ বিষয়ে আগামী মাসগুলোতে বিস্তারিত জানানো হবে বলে তিনি তথ্য দেন।