অনলাইন ডেস্ক : দুই দিনের সফরে চীন গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রবিবার (১৮ জুন) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কুইন গ্যাংয়ের সঙ্গে দেখা করেছেন তিনি। প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক চীন সফর করছেন।
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এই সম্পর্ক স্থিতিশীল করতেই দুই পক্ষের মধ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রায় পাঁচ মাসে আগেই ব্লিনকেনের চীন সফরের কথা ছিলো। তবে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘গোয়েন্দা’ বেলুনের উপস্থিতি শনাক্তের পর ওই সফর স্থগিত করা হয়।
বেইজিংয়ের একটি সরকারি অতিথি ভবনে ব্লিঙ্কেনকে অভ্যর্থনা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুজন করমর্দন করেন। পরে নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে আলোচনার টেবিলে বসেন তারা। এই সফরে ব্লিনকেনের চীনের পররাষ্ট্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং ইর সঙ্গে দেখা করার কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে তার বৈঠক হবে কি না, তা জানা যায়নি। সূত্র: রয়টার্স
