মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে তার লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাব থেকে গুলিভর্তি পিস্তলসহ এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে যে গেল রোববার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব থেকে ৩৮ বছর বয়সী জিনাইন জন তায়েলেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতির কথা ছিল এবং তায়েলে স্থানটির ছবি ও ভিডিও ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সদস্যরা তায়েলের পকেটে ১৬ রাউন্ডের একটি গুলিভর্তি ম্যাগাজিন পান এবং পরবর্তীতে গলফ কোর্সের পার্কিংয়ে থাকা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল ও দ্বিতীয় আরেকটি ম্যাগাজিন উদ্ধার করেন। পৃথক এক ডাকাতির মামলায় তায়েলে আগে থেকেই এল সেগুন্ডো পুলিশ বিভাগের তদন্তাধীন ছিলেন।
পরবর্তীতে এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদ বিরোধী টাস্কফোর্সের সহযোগিতায় তায়েলের ডাউনি এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অবৈধভাবে পরিবর্তিত রাইফেল, দ্বিতীয় একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চ ক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল সরঞ্জাম এবং উদ্বেগজনক বক্তব্য লেখা নোটবুক উদ্ধার করা হয়।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের এই সফর নির্ধারিত ছিল, আর গ্রেপ্তারকৃত তায়েলেকে বর্তমানে জামিনহীনভাবে আটক রাখা হয়েছে।
সূত্র: আল জাজিরা