মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের দমন-পীড়নে সহায়তার
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের দমন-পীড়নে সহায়তার অভিযোগে ইরানের একাধিক বিচারক ও এক সাইবার গ্রুপপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (২৪ জুলাই) ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ইইউ জানিয়েছে, দেশটির বিপ্লবী আদালতের পাঁচজন বিচারকের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দমনমূলক রায় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদীর মামলার বিচারপ্রক্রিয়াতেও এসব বিচারক জড়িত ছিলেন বলে জানা গেছে।রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ
বিচারকদের পাশাপাশি 'আশিয়ানে' (Ashiyane) নামক সাইবার গ্রুপের প্রতিষ্ঠাতা ও শীর্ষ ব্যক্তিত্ব নিমা সালেহির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দাবি, এই সাইবার গ্রুপটি ইরানের সাইবার পুলিশ (FATA) এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (IRGC) সাথে সমন্বয় করে বিরোধীদের ওপর সাইবার হামলা চালায় এবং তথ্য দমন করতে সরকারকে সহায়তা করে।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক পোস্টে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, "তেহরান যখন অভ্যন্তরীণ দমন-পীড়ন জোরদার করছে, তখন এই ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ইইউ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।"Islam
এই নিষেধাজ্ঞার ফলে ইইউভুক্ত দেশগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সকল সম্পদ ফ্রিজ (জব্দ) করা হবে, ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকবে এবং তাদের কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান নিষিদ্ধ থাকবে। সর্বশেষ এই পদক্ষেপে ইইউ-এর মানবাধিকারভিত্তিক নিষেধাজ্ঞার তালিকায় ইরানের ২৭৯ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠান যুক্ত হলো।