ই-পেপার

দাবানলের তাণ্ডবে স্পেন, মাদ্রিদে জরুরি অবস্থা ঘোষণা

স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে ভয়াবহ

আপডেট: ২৪ জুলাই ২০২৬, ২১:২৫
১৮ ভিউ
দাবানলের তাণ্ডবে স্পেন, মাদ্রিদে জরুরি অবস্থা ঘোষণা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত জনবল ও সরঞ্জাম মোতায়েন এবং উদ্ধার কার্যক্রম জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছে সামরিক জরুরি ইউনিটকে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। একই সময়ে আভিলা প্রদেশের বুরগোহন্দো, এল তিয়েম্বলো ও নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্প্যানিশ দৈনিক এল পাইস জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়েম্বলো এলাকার একটি পর্যটন কমপ্লেক্স ও আবাসন প্রকল্প থেকে আরও প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে সবচেয়ে বড় দাবানলে গত এক সপ্তাহে প্রায় ৩২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, চলতি বছর স্পেনে ইতোমধ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে।