ই-পেপার

আলবার্টার বিচ্ছিন্নতা নয়, জাতীয় ঐক্যের আহ্বান পিয়ের পয়লিয়েভের

কানাডা থেকে আলবার্টার পৃথক হওয়া নিয়ে আগামী

আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ২২:৪৮
২৩ ভিউ
আলবার্টার বিচ্ছিন্নতা নয়, জাতীয় ঐক্যের আহ্বান পিয়ের পয়লিয়েভের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কানাডা থেকে আলবার্টার পৃথক হওয়া নিয়ে আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ফেডারেল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পয়লিয়েভ। তিনি বলেছেন, আলবার্টাবাসীর ক্ষোভ মূলত কানাডার বিরুদ্ধে নয়; বরং ফেডারেল লিবারেল সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে।

পয়লিয়েভের বক্তব্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন ব্যয়, জ্বালানি খাতের সম্ভাবনা কাজে লাগাতে না পারা এবং ফেডারেল সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে আলবার্টায় যে অসন্তোষ রয়েছে, তার জন্য পৃথক রাষ্ট্র গঠন কোনও সমাধান নয়। তিনি বলেন, আলবার্টার প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে ফেডারেল পর্যায়ে নীতিগত পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘সমস্যাগুলোর সমাধান পৃথকীকরণে নয়; বরং কানাডার ঐক্যকে আরও শক্তিশালী করার মধ্যেই রয়েছে।’

আলবার্টা সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ অক্টোবরের গণভোটে মোট ১০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে দশম প্রশ্নে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে—আলবার্টা কানাডার একটি প্রদেশ হিসেবে থাকবে, নাকি কানাডা থেকে পৃথক হওয়ার বিষয়ে একটি বাধ্যতামূলক গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

পয়লিয়েভ এরই মধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন, আলবার্টাকে একটি ঐক্যবদ্ধ কানাডার অংশ হিসেবে দেখতে চান তিনি। ফেডারেল কনজারভেটিভরাও আলবার্টার কানাডার সঙ্গে থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে সেপ্টেম্বরে ‘কনজারভেটিভস ফর কানাডা’ নামে একটি প্রচারণাও শুরু করা হয়েছে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথও জানিয়েছেন, আলবার্টাকে কানাডার অংশ হিসেবেই রাখতে চান তিনি। গণভোটে সেই অবস্থানের পক্ষেই ভোট দেবেন। একই সঙ্গে তিনি প্রাদেশিক অধিকার আরও শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়েছেন।