ই-পেপার

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার বৃহস্পতিবার বাজেট ঘোষণা করতে যাচ্ছে।

আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ২০:১৮
১২ ভিউ
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার বৃহস্পতিবার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোই এর মূল লক্ষ্য। মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পরও অটোয়ার কাছে লক্ষ্যটি অগ্রাধিকার পাচ্ছে।

কার্নির মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থায়ীভাবে বদলে গেছে। ট্রাম্পের আগে দুই দেশের মধ্যে যে শুল্কমুক্ত বাণিজ্য সম্পর্ক ছিল, তা আর ফিরে আসবে না। তিনি বলেছেন, অটোয়াকে জরুরি ভিত্তিতে বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনতে হবে।

গত বছর দায়িত্ব নেওয়ার পর কার্নি সরকারের এটি দ্বিতীয় বাজেট। নাম দেওয়া হয়েছে ‘আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ আমাদের হাতে’। অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেছেন, ‘আমাদের পরিকল্পনার মূল লক্ষ্য কানাডার প্রবৃদ্ধির মডেলে পরিবর্তন আনা।’

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পার্লামেন্টে বাজেট উপস্থাপন করবেন শ্যাম্পেন। এর আগে তিনি জানান, দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাড়ানো ও সম্পর্কের বৈচিত্র্য আনাও তাদের পরিকল্পনার লক্ষ্য।

বাজেট বক্তৃতার জন্য বুধবার নতুন এক জোড়া জুতা কিনেছেন অর্থমন্ত্রী। এটি কানাডার দীর্ঘদিনের রীতি। এ সময় শ্যাম্পেন বলেন, ‘সীমান্তের দক্ষিণে যাই ঘটুক, বিশ্বে যাই ঘটুক না কেন, আমরা আরও সহনশীল, শক্তিশালী ও স্বাধীন হবো।’

ট্রাম্পের শুল্কনীতির কারণে যেসব অর্থনীতি ভুক্তভোগী হয়েছে তার মধ্যে কানাডা অন্যতম। দেশটির ওপর আরোপিত শুল্কের সমালোচনা করে আসা ডেমোক্র্যাটরা আগামী বছর মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

ডেমোক্র্যাটিক পার্টির জ্যেষ্ঠ কংগ্রেস সদস্য জেমি রাসকিন বুধবার কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসিকে বলেছেন, তারা এসব শুল্কের অবসান ঘটাবেন। কানাডার মতো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনেরও উদ্যোগ নেবেন।