বছরের অধিকাংশ সময় ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎ করেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনার বাজার।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এসব দাম কার্যকর থাকবে।
দরপতনের ধারাবাহিকতা শুরুর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। সেই হিসাবে বর্তমানে প্রতি ভরিতে দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা। দেশের বাজারে প্রায় ১৩ মাস আগে সোনার দাম সর্বশেষ এমন পর্যায়ে দেখা গিয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষকদের ধারণা, সোনার দামে নিম্নমুখী প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। শনিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দাম এ পর্যায়ে ছিল। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫১৫ ডলারে পৌঁছেছিল।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা সোনার দাম কমার অন্যতম কারণ।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, বর্তমানে স্বর্ণবাজার সামষ্টিক অর্থনৈতিক চাপ এবং বিনিয়োগকারীদের বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির কারণে জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির কারণে মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি ট্রেজারি বন্ডের মুনাফার হারও বেড়েছে। এতে সোনার বাজারে চাপ তৈরি হয়েছে। কারণ সোনা থেকে বিনিয়োগকারীরা কোনো সুদ পান না। ফলে অন্যান্য বিনিয়োগ খাতে মুনাফার সুযোগ বাড়লে সোনার প্রতি তাদের আগ্রহ কমে যায়।
অন্যদিকে, বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে দরপতন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নগদ অর্থের চাহিদা মেটাতে বিনিয়োগকারীরা সোনাসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর আরও চাপ বাড়ছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা মনে করেন, সোনার সাম্প্রতিক দরপতনের পেছনে একাধিক নেতিবাচক কারণ একসঙ্গে কাজ করছে। তার মতে, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করেছে, যা সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও জানান, এআই খাতের শেয়ারগুলোতে ব্যাপক বিক্রির কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ থেকে অর্থ তুলে নিচ্ছেন। তবে সেই অর্থ নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে সোনায় স্থানান্তরিত হচ্ছে না।
বিজয় ভালেচার মতে, বাজারের গতিপ্রকৃতি অনুসরণ করে বিনিয়োগকারীদের একটি অংশ ইতোমধ্যে সোনার দাম কমার ওপর ভিত্তি করে ‘শর্ট পজিশন’ বাড়িয়েছে। অন্যদিকে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি বিনিয়োগ প্রত্যাহার করেননি। ফলে সামনে সোনার বাজারে আরও বিক্রির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ক্রিস ওয়েস্টন সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গিয়ে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলে তা আরও কমে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের মধ্যে চলে আসতে পারে। তবে ওই পর্যায়ে পৌঁছালে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং সরাসরি সোনা কেনেন এমন ব্যক্তিদের মধ্যে নতুন করে কেনার আগ্রহ তৈরি হতে পারে।
এদিকে, নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবামের মতে, আগের গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তর ভেঙে যাওয়ায় সোনার দাম এখন ৩ হাজার ৫০০ ডলারের দিকে নেমে যাওয়ার চাপে রয়েছে। এই মূল্যস্তরের নিচে দীর্ঘ সময় অবস্থান করলে প্রতি আউন্স সোনার দাম আরও কমে ৩ হাজার ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।