ই-পেপার

হেগসেথের অভিশংসন আটকাল রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা আপাতত থামিয়ে

আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯
১৪ ভিউ
হেগসেথের অভিশংসন আটকাল রিপাবলিকানরা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা আপাতত থামিয়ে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। মঙ্গলবারের ভোটে তাদের অবস্থানের কারণে পদ হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে রেহাই পেয়েছেন তিনি। তবে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে নতুন করে অভিশংসনের উদ্যোগ নেওয়া হতে পারে।

ভোটের কয়েক ঘণ্টা আগে প্রস্তাবটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেগসেথ অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে অভিহিত করেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে নিজের ভূমিকার পক্ষে জোরালো বক্তব্য দেন। তাঁর বক্তব্যের প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিশংসন অভিযোগ রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব ২১১-২০৪ ভোটে পাস হয়। তবে এই প্রস্তাবের উদ্যোক্তা প্রতিনিধি টমাস ম্যাসি আগেই সতর্ক করেছিলেন, অভিযোগগুলো কমিটিতে পাঠানো হলে অভিশংসন প্রক্রিয়া কার্যত থেমে যাবে।

কেন্টাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি ম্যাসি আশা করেছিলেন, হেগসেথের নীতির বিরোধী এবং ইরান যুদ্ধের অজনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকানদের সমর্থন পাবেন। কিন্তু তাঁকে ছাড়া অন্য কোনো রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেননি। অন্যদিকে, ডেমোক্র্যাটরা উদ্যোগটিকে জোরালোভাবে সমর্থন করলেও ভোটের সময় দলটির ১১ সদস্য অনুপস্থিত ছিলেন।

ভোটের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর ভাষায়, হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে!’ ইরান, ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, এসব কর্মকাণ্ড ‘একজন মহান মার্কিন দেশপ্রেমিককে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে’। তাঁর বক্তব্যে দুই নেতার ঘনিষ্ঠতার ইঙ্গিতও পাওয়া গেছে।

হেগসেথ অভিশংসিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁকে এ প্রক্রিয়ার মুখোমুখি হতে হতো। সর্বশেষ ১৮৭৬ সালে মার্কিন সামরিক বাহিনীর একজন বেসামরিক শীর্ষ কর্মকর্তা অভিশংসিত হয়েছিলেন। তখন উইলিয়াম বেলকন্যাপ ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিজেকে ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবে পরিচয় দেন হেগসেথ। গত বছর দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সামরিক বাহিনীকে দুর্বল ও অতিমাত্রায় ‘ওক’ বা প্রগতিশীল সামাজিক মূল্যবোধে প্রভাবিত বলে সমালোচনা করে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করতে পারবেন না।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।