যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্কের অভিযোগ খতিয়ে দেখছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার সাংবাদিকদের ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে হুয়াংয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। ওই নারী চীনা গুপ্তচর বলে হুয়াং আগে থেকে কিছু জানতেন কি না, তা জানতে চেয়েছিলেন তিনি। জবাবে হুয়াং বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বিশ্বাস করি।’
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প নিশ্চিত করেন, এফবিআই অভিযোগটি তদন্ত করছে। তবে তদন্ত শুরুর সময় কিংবা এর ব্যাপ্তি সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। এ বিষয়ে বিবিসি যোগাযোগ করলেও মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। গত বসন্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো একটি স্মারকলিপিতে এনভিডিয়া প্রধানের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সতর্ক করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেছে, হুয়াংকে লক্ষ্য করে গুপ্তচরবৃত্তির দাবি ভিত্তিহীন ও অনুমাননির্ভর। চীনকে হেয় করতেই এমন অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেছে বেইজিং।
অন্যদিকে, অ্যালিস হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ তদন্তে স্বাধীন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো কারণ তারা দেখতে পাচ্ছে না।
এ ঘটনায় আর্থিক বাজারেও প্রভাব পড়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি এনভিডিয়ার শেয়ারের দাম সোমবার ৪ শতাংশের বেশি কমে যায়। এতে এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২৫ হাজার কোটি ডলার হ্রাস পায়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত কম্পিউটার চিপ তৈরির কারণে বিশ্ব প্রযুক্তি খাতে কোম্পানিটির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।
একই দিন ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত একটি ক্লাস অ্যাকশন মামলায় হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ তোলা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সিইওর সম্পর্কের বিষয়টি গোপন রেখে গণমাধ্যমকে বিভ্রান্ত করেছে কোম্পানিটি। এ ছাড়া ওই নারী এনভিডিয়ার পণ্য চীনে পাচারে সহায়তার চেষ্টা করেছিলেন কি না, তা নিয়েও মামলায় সন্দেহ প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
ট্রাম্প অবশ্য হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তদন্ত শেষে তিনি ভালো অবস্থানে থাকবেন বলে তাঁর বিশ্বাস। হুয়াংকে নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তাঁর সঙ্গে কথা বলে শারীরিক ও ব্যক্তিগত অবস্থার খোঁজ নেওয়ার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন হুয়াং। সোমবার তিনি আবারও বলেন, এনভিডিয়াকে সুরক্ষিত রাখা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সহায়তা করা তাঁর অঙ্গীকার। কোম্পানির উদ্যোগে শুরু হওয়া তদন্তেও সহযোগিতা করবেন তিনি।
এদিকে, মার্কিন কংগ্রেসের কয়েকটি কমিটি আগামী সপ্তাহে যৌথ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার জন্য হুয়াংকে অনুরোধ জানিয়েছে। কমিটিগুলোর চেয়ারম্যানদের পাঠানো চিঠিতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা এবং চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন সম্পদ হিসেবে উল্লেখ করা মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি মোকাবিলায় কোম্পানিটির প্রস্তুতি সম্পর্কেও জানতে চেয়েছে কমিটিগুলো। তবে হুয়াং ওই বৈঠকে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় উন্নত চিপ উৎপাদনে কোম্পানিটির আধিপত্যের কারণে এর নিরাপত্তা নিয়ে যেকোনো অভিযোগ ওয়াশিংটনের উদ্বেগ বাড়াচ্ছে।
চীনে উন্নত চিপ বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে আসছেন হুয়াং। তাঁর যুক্তি, মার্কিন প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে এআইয়ের সম্প্রসারণ ঘটলে যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হবে।
তবে চীনের প্রযুক্তি খাত যেন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই এনভিডিয়ার উন্নত চিপ বিক্রিতে বিভিন্ন সময় বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট শর্তে চীনা গ্রাহকদের কাছে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেয়। তবে কোম্পানিটির সবচেয়ে উন্নত এআই চিপগুলোর অন্যতম জিবি২০০ ব্ল্যাকওয়েল এখনো চীনের বাজারে বিক্রির অনুমোদন পায়নি।