দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের ধাক্কায় ৩২টি
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের ধাক্কায় ৩২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ যানবাহনসহ একের পর এক যানবাহনে ধাক্কা দিয়ে বাসটি শেষ পর্যন্ত সড়কের মাঝের ডিভাইডারে আছড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি গাড়ি রয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি চিকিৎসার জন্য ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী এবং ৩৩টি যানবাহন পাঠায় দমকল বাহিনী। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়।
স্থানীয় সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসচালকও আহত হয়েছেন। পরে তাঁকে বাস থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসটির ব্ল্যাক বক্সের তথ্য এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ শনাক্তের পরিকল্পনা করছে তদন্তকারীরা।