ই-পেপার

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ক্রেন ভেঙে চুল্লিতে সরঞ্জাম পড়ে

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১৪:০৬
২৯ ভিউ
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ক্রেন ভেঙে চুল্লিতে সরঞ্জাম পড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ শ্রমিক নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। নতুন বয়লার স্থানান্তরের সময় সোমবার (৯ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহত সবাই ওই কারখানার শ্রমিক। এটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।

স্থানীয় গভর্নরের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে ক্রেন দিয়ে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে যুক্ত সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে গিয়ে পড়ে। এরপরই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন জ্বলতে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের বড় সমস্যা।

বিস্ফোরণের পর নিহতের সংখ্যা প্রথমে ১৬ বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাটি এতটাই শক্তিশালী ছিল যে, প্রথমে একজন প্রত্যক্ষদর্শীর মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে। অন্যদিকে, কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসির তুর্কি বিভাগ। কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত এবং তুরস্কের জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।