সোমবার রাতজুড়ে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সোমবার রাতজুড়ে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটলেও মঙ্গলবার ঘোষিত দেশব্যাপী শাটডাউন কর্মসূচিতে বড় ধরনের কোনো সহিংসতা দেখা যায়নি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনের বেলায় পরিস্থিতি ছিল অনেকটাই শান্ত। এসব রাতের ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে গাড়িতে আগুন, সড়ক অবরোধ কিংবা ককটেল বিস্ফোরণের কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং নিজস্ব প্রতিনিধিদের তথ্য থেকে এসব ঘটনা সম্পর্কে জানা গেছে।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে তাদের উপস্থিতির মধ্যেও বড় কোনো কর্মসূচি বা সহিংসতার ঘটনা ঘটেনি।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে মানিকগঞ্জ শহরে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের পর একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খাগড়াছড়িতেও রাতের মধ্যে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে পানখাইয়াপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি চাঁদের গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল ৬টার দিকে আলুটিলার রিছাং ঝরনা এলাকা এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাত মাইল এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
ঢাকার ধামরাইয়ে সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি এলাকায় সোমবার রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ওই আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগান দেন।
অন্যদিকে, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় অবরোধ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর ফলে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে এবং সেতুতে যান চলাচল ব্যাহত হয়।
দেশের বিভিন্ন স্থানে রাতভর এসব ঘটনার পর মঙ্গলবার দিনের বেলায় রাজধানীসহ অন্যান্য এলাকায় বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।