ইউক্রেন যুদ্ধের অবসানে গ্রহণযোগ্য সমাধান এবং ইরানের সঙ্গে সামরিক সংঘাত
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধের অবসানে গ্রহণযোগ্য সমাধান এবং ইরানের সঙ্গে সামরিক সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ইউরোপীয় মিত্ররা। প্যারিসে শুরু হওয়া জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরছেন ইউরোপের প্রতিনিধিরা।
যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার সুযোগ দেখছেন ইউরোপীয় মিত্ররা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয়। সংঘাতটি শিগগিরই পঞ্চম বছরে গড়াতে যাচ্ছে। একই সময়ে ইরানকে ঘিরেও সামরিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ইউরোপ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পরাজিত হলেও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াশিংটন।
এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে আলোচনার সূচি নির্ধারণ করা হয়েছে। প্যারিসে জি-৭ বৈঠক চলার মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে সম্ভাব্য সমঝোতা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, কিয়েভকে অসম বা ক্ষতিকর কোনো চুক্তি মেনে নিতে চাপ দেওয়া হতে পারে। একই সঙ্গে ইউরোপকে আলোচনার বাইরে রেখে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন নিরাপত্তা সমঝোতায় পৌঁছাতে পারে বলেও শঙ্কা রয়েছে। সম্প্রতি রাশিয়া, ইউক্রেন ও ‘পুরো ইউরোপকে’ অন্তর্ভুক্ত করে একটি ‘খুব বড় চুক্তির’ পূর্বাভাস দিয়ে এই উদ্বেগ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ইরান পরিস্থিতিতে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে ইউরোপের দেশগুলো। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার ওপরও জোর দিচ্ছে তারা।
সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল।