ই-পেপার

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত সাত

মিশরের গিজার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং ১০০ জনের

আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
৪৩ ভিউ
মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত সাত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিশরের গিজার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, গিজা থেকে ফাইয়ুমের দিকে যাওয়া একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালু স্থানে পড়ে যায়। কোনো কোনো বগি দুমড়েমুচড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খুঁজছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে কারও অবহেলার প্রমাণ মিললে তাকে জবাবদিহির আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি।

আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাতের কারণে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনদের জরুরি সহায়তা দিচ্ছে মিশর রেড ক্রিসেন্ট।

দুর্ঘটনার পর গিজা থেকে আপার ইজিপ্ট অঞ্চলের মধ্যবর্তী রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেন সরাতে ঘটনাস্থলে ক্রেন পাঠানো হয়েছে। তবে রেল চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আল-আয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। মিশরের রেলপথে এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে এই এলাকায়। ২০০২ সালের ফেব্রুয়ারিতে কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। বেসরকারি কিছু হিসাবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালেও একই এলাকায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ দুর্ঘটনার পর রোববার দেশটিতে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে প্রাণহানির ঘটনায় মিশরের প্রতি শোক ও সংহতি জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। অন্যদিকে, মিশরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিহতদের পরিবার ও মিশরীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।