ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মন্তব্যের কারণে দুজনের সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ভ্যান্সের বক্তব্য অনেকেরই পছন্দ হয়নি, এমনকি তিনি নিজেও এতে সন্তুষ্ট নন।
গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। এ বক্তব্যের কারণে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। আমি করিনি।’
ভ্যান্সের বক্তব্যের সঙ্গে আংশিক একমত হলেও ট্রাম্প মনে করেন, ইরানে পুনরায় হামলার বিষয়ে তার অবস্থান আরও স্পষ্ট করা উচিত ছিল। তিনি বলেন, ‘ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তার আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে কি সে তা করবে? এর উত্তর হলো, হ্যাঁ।’
ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিত।’
অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছায় তেহরান। ওই চুক্তির শর্ত অনুযায়ী, নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল দেশটি।
তবে ২০১৮ সালে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর সেটি কার্যত ভেঙে পড়ে।