দলের আদর্শিক অবস্থান, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও নেতৃত্বের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
রোববার (১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান নুরন্নবী।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও নীতিগত অবস্থানে এমন পরিবর্তন এসেছে, যা সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদর্শিক বিচ্যুতি এবং একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দলের সঙ্গে যুক্ত থাকা কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নুরন্নবী জানান, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে নিজের আদর্শ ও আত্মসম্মান বজায় রেখে আর দায়িত্ব পালন করতে চান না। এ সময় তার পাশে থাকা নেতাকর্মী, সমর্থক ও কুড়িগ্রামবাসীর প্রতি ধন্যবাদ জানান তিনি।
তবে তার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। তার দাবি, পারিবারিক সমস্যার কারণে নুরন্নবী আগে থেকেই সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। দলের নীতি ও নেতৃত্ব নিয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে মনগড়া বলেও মন্তব্য করেন তিনি।
মুকুল মিয়া বলেন, পদত্যাগের সিদ্ধান্ত নুরন্নবীর একান্ত ব্যক্তিগত।