ই-পেপার

ঢাকায় জব্দ "সোনার ডিম"

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে ৬টি সোনার ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭
২৫ ভিউ
ঢাকায় জব্দ সোনার ডিম

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

উদ্ধার করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার নির্ধারিত ফ্লাইটটি থেকে সন্দেহভাজন এক যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করেন কর্মকর্তারা।

অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি সোনার ‘ডিম’ পাওয়া যায়। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। দুই অভিযান মিলিয়ে জব্দ করা সোনার পরিমাণ দাঁড়িয়েছে ২ কেজি ৭২৮ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সোনার ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

এ ঘটনায় সোনার প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এর আন্তর্জাতিক যোগাযোগ খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।