ই-পেপার

এবার তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে নারীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সামরিক

আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ২০:২০
২৩ ভিউ
এবার তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে নারীরা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের মধ্যে ইরানের রাজধানী তেহরানে নারীদের জন্য বিশেষ সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে দেশটির সরকার। প্রশিক্ষণে নারীদের অ্যাসল্ট রাইফেল চালানো, প্রাথমিক চিকিৎসা, গেরিলা কৌশল, কঠিন পরিস্থিতিতে টিকে থাকা এবং জিপলাইন ব্যবহারের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রোববার তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে প্রথমবারের মতো শুধু নারীদের জন্য এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘জান ফাদা’ বা ‘জীবন উৎসর্গ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে কালো চাদর পরা বহু নারী অংশ নেন বলে জানায় ব্রিটিশ সংবাদসংস্থা ডেইলি মেইল।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়্যা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ‘স্যাক্রেড ডিফেন্স উইক’ উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামরিক দক্ষতা, প্রাথমিক চিকিৎসা, গেরিলা কৌশল, টিকে থাকার কৌশল এবং প্রতিকূল পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

ইরানজুড়ে ১ হাজার স্বেচ্ছাসেবী প্রতিরোধ ব্যাটালিয়ন গঠনের লক্ষ্যের অংশ হিসেবেও এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মে মাসে তেহরানে নারী ও শিশুদেরসহ সাধারণ নাগরিকদের উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। তখন প্রকাশিত ভিডিওতে বিপ্লবী গার্ডের সদস্যদের তত্ত্বাবধানে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে একে-৪৭ রাইফেল চালানোর প্রশিক্ষণ নিতে দেখা যায়।

রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক মোবিনা নাসিরিও ওই কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, প্রয়োজন হলে তিনি এবং অন্য নারীরা যুদ্ধে যোগ দেবেন। তবে সরকারের এসব কর্মসূচি নিয়ে সমালোচকদের আশঙ্কা, বিদেশি হামলা মোকাবিলার পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনেও এসব প্রশিক্ষণ কাজে লাগানো হতে পারে।

এদিকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার অবস্থানেও অনড় রয়েছে। রোববার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

ইরানের দাবি, গত জুনে হওয়া একটি সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রকে নির্ধারিত সাতটি শর্ত মেনে চলতে হবে। তেহরান জানিয়েছে, এ বিষয়ে তাদের অবস্থান ‘সম্পূর্ণ স্পষ্ট ও দৃঢ়’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তবে শত্রুপক্ষ আবার সামরিক সংঘাতের পথ বেছে নিলে ইরান আগের চেয়ে আরও শক্তিশালীভাবে জবাব দেবে বলেও সতর্ক করেছেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন হওয়ায় এর দীর্ঘস্থায়ী বন্ধাবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বেড়েছে।