ই-পেপার

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ২১:১০
১৩ ভিউ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

সোমবার (৫ অক্টোবর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। এর মধ্যে আহসান হাবিব ও হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

হামলার প্রতিবাদে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। একই দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলও একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।