ই-পেপার

জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস ১২৮ ভোটে

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৭
৮ ভিউ
জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস ১২৮ ভোটে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটি ১২৮টি দেশের সমর্থনে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় ছয়টি দেশ। ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিনের এই বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়টিও বক্তব্যে গুরুত্ব পায়। সঞ্চিতা হক আশা প্রকাশ করেন, রায়টি রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়নের ওপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবটি কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সঞ্চিতা হক। তাঁর বক্তব্য, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে; ফলে এর স্থায়ী সমাধানও সেখানেই নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় ভোটাভুটির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির প্রসঙ্গ অন্তর্ভুক্তির বিরোধিতা করা তাদের সাধারণ অবস্থান। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করা হয়।

একই সঙ্গে এক দশকের বেশি সময় ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।