ই-পেপার

রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে পুরোনো সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের লোককথায় দীর্ঘদিন ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির রহস্যময় পায়ের ছাপ নিয়ে পরিচালিত একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। এসব নথি প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নথিগুলোতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০০:০৫
৩ ভিউ
রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে পুরোনো সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক


যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অধীন বন বিভাগ গত ১৫ অক্টোবর তথ্য অধিকার আইনের আওতাধীন অনলাইন আর্কাইভে ‘বিগফুট/স্যাসকোয়াচ রেকর্ডস’ নামে নথিগুলো প্রকাশ করে। পরে ২০ নভেম্বর ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি সামনে এলে এ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। প্রকাশিত নথিগুলোর মধ্যে সবচেয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় ১৯৮২ সালের জুনে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওয়াল্লা ওয়াল্লার কাছের উমাটিলা ন্যাশনাল ফরেস্টের মিল ক্রিক এলাকায় পরিচালিত একটি তদন্তে।

সে সময় বন বিভাগের খণ্ডকালীন টহল কর্মকর্তা পল ফ্রিম্যান দাবি করেন, প্রত্যন্ত বনাঞ্চলে তিনি অস্বাভাবিক একটি প্রাণী দেখেছেন। কয়েক দিন পর ওই এলাকার কাদামাটিতে বিশাল আকৃতির পায়ের ছাপও দেখতে পান বলে জানান তিনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর ১৯৮২ সালের ১৭ জুন বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারীরা দুটি স্থানে পায়ের ছাপের ছবি তোলেন, সেগুলোর মাপ নেন এবং সংরক্ষণের জন্য প্লাস্টারের ছাঁচ তৈরি করেন।

সরকারি তদন্ত প্রতিবেদনে একটি পায়ের ছাপের দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৭ ইঞ্চি বলে উল্লেখ করা হয়। একটি স্থানে প্রায় ২৫ ফুট এলাকাজুড়ে ছয়টি স্পষ্ট ছাপ পাওয়া যায়। অন্যদিকে, আরেকটি স্থানে প্রায় ৪০ ফুট এলাকাজুড়ে ১৮টি ছাপের সন্ধান মেলে। প্রতিবেদনে বলা হয়, ছাপগুলোর কয়েকটি ঘন গাছপালার মধ্য দিয়েও বিস্তৃত ছিল। তবে তদন্তকারীরা এসব ছাপের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ রডনি এল জনসন বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর জানান, ছাপগুলো প্রায় ৩০০ পাউন্ড বা তার বেশি ওজনের কোনো বিশাল দ্বিপদ প্রাণীর তৈরি নয়। তাঁর যুক্তি ছিল, বিভিন্ন ঢালু জায়গায়ও ছাপগুলোর মধ্যবর্তী দূরত্ব প্রায় একই রকম ছিল। অথচ সাধারণত পাহাড়ি পথে হাঁটার সময় মানুষের বা প্রাণীর পদক্ষেপে পরিবর্তন দেখা যায়। এ ছাড়া তদন্তকারীদের জুতার ছাপ কাদায় আরও গভীরভাবে বসে গেলেও কথিত বিগফুটের ছাপ তুলনামূলক অগভীর ছিল। কিছু জায়গায় ছাপগুলোর শুরু ও শেষের অংশও স্বাভাবিকভাবে সংযুক্ত ছিল না।

একই তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর ট্র্যাকার জোয়েল হার্ডিনও ছাপগুলো পরীক্ষা করেন। ১৯৮২ সালের ২৮ জুলাইয়ের একটি স্মারকলিপিতে তিনি ঘটনাটিকে অত্যন্ত পরিকল্পিত জালিয়াতির চেষ্টা বলে উল্লেখ করেন। তাঁর ধারণা, নরম প্লাস্টার বা রাবার দিয়ে তৈরি কৃত্রিম পায়ের ছাঁচ ব্যবহার করে এসব ছাপ তৈরি করা হয়ে থাকতে পারে। তবে কারা বা কী উদ্দেশ্যে এগুলো তৈরি করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিগফুটের অস্তিত্বে বিশ্বাসী ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রয়াত নৃতত্ত্ববিদ গ্রোভার ক্রান্টজ তদন্তকারীদের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। সংরক্ষিত ছাপের ছাঁচ পরীক্ষা করে তিনি দাবি করেছিলেন, পায়ের ত্বকের সূক্ষ্ম রেখার মতো কিছু বৈশিষ্ট্য কৃত্রিমভাবে তৈরি করা কঠিন। এ কারণে তাঁর ধারণা ছিল, ছাপগুলো বাস্তব হতে পারে। পল ফ্রিম্যানের ছেলে মাইকেলও তাঁর বাবার দাবির পক্ষে অবস্থান নিয়েছেন। তবে এসব বক্তব্যের কোনোটিই বিগফুটের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে স্বীকৃতি পায়নি।

প্রকাশিত অন্য একটি নথিতে মন্টানা অঙ্গরাজ্যের পেটি ক্রিক এলাকায় ১৯৪৯ ও ১৯৫০ সালে ঘটে যাওয়া দুটি ঘটনার বিবরণ রয়েছে। স্থানীয় বাসিন্দা লিও কিনি ১৯৮০ সালে লেখা ছয় পৃষ্ঠার একটি স্মৃতিচারণে ঘটনাগুলো তুলে ধরেন। তাঁর বর্ণনা অনুযায়ী, ১৯৪৯ সালে তিনজন শিকারির সঙ্গে একটি মৃত এলকের সন্ধানে গিয়ে তাঁরা প্রাণীটির শুধু নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। কাছাকাছি বরফের ওপর বড় আকৃতির কয়েকটি পায়ের ছাপও দেখতে পান, যা প্রায় আধা মাইল পর্যন্ত অনুসরণ করেছিলেন তাঁরা। পরের বছর একই এলাকায় ডব্লিউ ডব্লিউ স্মিটজ অস্বাভাবিক পায়ের ছাপ, তীব্র গন্ধ এবং গর্জনের মতো শব্দ শুনেছিলেন বলে উল্লেখ করেন কিনি। তবে কোনো ঘটনাতেই তাঁরা প্রাণীটিকে সরাসরি দেখতে পাননি।

তৃতীয় নথিটি ২০০৩ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত মন্টানার ক্লার্ক ফর্ক ভ্যালি প্রেস পত্রিকার একটি প্রতিবেদন। সেখানে স্যান্ডার্স কাউন্টির রিভার রোড ওয়েস্ট এলাকায় তুষারপাতের পর শত শত বড় আকৃতির পায়ের ছাপ পাওয়ার কথা বলা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা ছাপগুলো অনুসরণ করে জঙ্গলের দিকে গিয়েছিলেন। প্রতিবেদনে একটি ছাপের দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৬ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৮ ইঞ্চি বলে উল্লেখ করা হয়। তবে পরদিন বৃষ্টিতে অধিকাংশ ছাপ মুছে যায়। স্থানীয়দের কেউ কেউ এগুলোকে বিগফুটের পায়ের ছাপ বলে মনে করলেও সে সময়ও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিগফুট বা স্যাসকোয়াচ উত্তর আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী বিশাল আকৃতির, লোমশ ও মানুষের মতো দেখতে রহস্যময় প্রাণী হিসেবে লোককথায় পরিচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার বিভিন্ন এলাকায় বহু বছর ধরে প্রাণীটিকে দেখার দাবি প্রচলিত রয়েছে। বিভিন্ন সময়ে পায়ের ছাপ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সামনে এলেও এর অস্তিত্ব প্রমাণের মতো নির্ভরযোগ্য শারীরিক নমুনা, দেহাবশেষ কিংবা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য ভিডিও পাওয়া যায়নি। এ কারণে অধিকাংশ বিজ্ঞানী বিগফুটের অস্তিত্ব নিয়ে সন্দিহান।

তবে বন বিভাগ এ ধরনের ঘটনাকে পুরোপুরি উপেক্ষা করছে না। ক্যালিফোর্নিয়ার স্ট্যানিসলস ন্যাশনাল ফরেস্টে সম্প্রতি ‘বিগফুট ইন ইয়োর ব্যাকইয়ার্ড’ নামে একটি আলোচনার আয়োজন করা হয়। সেখানে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোককথা, বিভিন্ন সময়ে প্রাণীটি দেখার দাবি এবং বনাঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, বিগফুটের অস্তিত্ব নিশ্চিত করা কিংবা অস্বীকার করার মতো কোনো সিদ্ধান্ত তাদের নেই। তবে এসব গল্প স্থানীয় ইতিহাস ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

সরকারি নথি প্রকাশের সময় নিয়েও বিগফুট অনুসন্ধানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিগফুট সোসাইটির জেরেমিয়া বায়রন বলেন, সরকার সম্প্রতি ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তুসংক্রান্ত নথ

রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে পুরোনো সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের লোককথায় দীর্ঘদিন ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির রহস্যময় পায়ের ছাপ নিয়ে পরিচালিত একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। এসব নথি প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নথিগুলোতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি

News
১৯ মিনিট আগে
৩