ই-পেপার

সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস

বোকা জুনিয়র্সের হয়ে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারাদেস।

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০০:২১
৩ ভিউ
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

কলম্বিয়ার বারানকিলায় অ্যাতলেটিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানা জয়ের পর টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন পারাদেস। একপর্যায়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এ সময় পাশে থাকা এক সাংবাদিক তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেন। পরে জানা যায়, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।

ম্যাচের দ্বিতীয়ার্ধেই পারাদেসকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারের সময় অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে কিছুক্ষণ পরই শঙ্কা কাটিয়ে নিজে হেঁটে ড্রেসিংরুমে ফিরতে সক্ষম হন তিনি। এমনকি পরে সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনেও যোগ দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে পারাদেস লেখেন, ‘সবার শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। আমার শুধু মাথা ঘুরছিল।’

পারাদেসের নেতৃত্বে এই শিরোপা জয়ের মধ্য দিয়ে মহাদেশীয় ট্রফির জন্য বোকা জুনিয়র্সের ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ২০২৫ সালের জুলাইয়ে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে আসেন।

এর আগে ইউরোপীয় ফুটবলে টানা ১২ মৌসুম কাটিয়েছেন পারাদেস। খেলেছেন রোমা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), জুভেন্টাস ও জেনিত সেন্ট পিটার্সবার্গের মতো নামী ক্লাবে। বোকা সমর্থকদের জন্য শিরোপা জয়ের রাতটি তাই যেমন আনন্দের ছিল, তেমনি প্রিয় খেলোয়াড়ের এমন অসুস্থতা তৈরি করেছিল সাময়িক উদ্বেগ।

রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে পুরোনো সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের লোককথায় দীর্ঘদিন ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির রহস্যময় পায়ের ছাপ নিয়ে পরিচালিত একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। এসব নথি প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নথিগুলোতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি

News
৪৩ মিনিট আগে
৫