ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে ভারি বৃষ্টির কারণে বুধবার
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে ভারি বৃষ্টির কারণে বুধবার ভোরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরো চারজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পৌর কর্মকর্তা তানাজি কাম্বলি জানান, ভোর হওয়ার আগেই এই ভূমিধস ঘটে। মুম্বাইয়ের উপশহর ঘাটকোপারের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে দুই থেকে তিনটি বাড়ির ওপর পড়ে।
ঘটনার পরপরই দমকলকর্মী, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) এবং পৌর কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করেন। তবে সরু প্রবেশপথের কারণে সেখানে ভারী যন্ত্রপাতি নেওয়া সম্ভব হয়নি।
এতে উদ্ধারকাজ ব্যাহত হয়।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। তানাজি কাম্বলি জানান, হাসপাতালে নেওয়ার পর দুই শিশু, দুই কিশোরসহ ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ভারতে মৌসুমি বায়ুর প্রভাব আরো সক্রিয় হতে পারে। এ কারণে বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রায় দুই কোটি মানুষের শহর মুম্বাইয়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
এ সময় ভারি বৃষ্টিতে নিয়মিতভাবে শহরের রাস্তা ও রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে বিমান ও রেল চলাচলও ব্যাহত হয়। পাশাপাশি ঘনবসতিপূর্ণ পাহাড়ি এলাকায় ভূমিধস ও ভবন ধসের ঘটনাও ঘটে।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, দ্রুত নগরায়ণ, অস্থিতিশীল পাহাড়ি ঢালে নির্মাণকাজ এবং দুর্বল পানি নিষ্কাশনব্যবস্থা মুম্বাইকে বর্ষাকালীন দুর্যোগের ঝুঁকিতে ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারী ও অনিয়মিত বৃষ্টিপাত বাড়ায় এই ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।