আন্তর্জাতিক

জার্মানিতে গাড়ি চাপায় নিহত ২, চালক আটক

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, May 5, 2026 11

অনলাইন ডেস্ক : জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিগে ভিড়ের মধ্যে বেপরোয়া এক গাড়ি চাপায় দুইজন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে।

 

লিপজিগের মেয়র বার্খার্ড জুং জানান, এ ঘটনায় ৩৩ বছর বয়সী এক জার্মান নাগরিককে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় প্রায় ৫ টা ৩৫ মিনিটে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় একটি গাড়ি একাধিক মানুষকে চাপা দেয় এবং পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গাড়িচালককে আটক করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় সাক্সনি রাজ্যের প্রধান মাইকেল ক্রেচমার বলেন, সন্দেহভাজন ব্যক্তি অতীতে মানসিক অসুস্থতায় ভুগেছেন বলে জানা গেছে।

মেয়র জুং ঘটনার পর গভীর শোক প্রকাশ করে বলেন, “একজন ব্যক্তি উচ্চ গতিতে বাজার এলাকায় গাড়ি চালিয়ে ঢুকে পড়েন। বর্তমানে আমরা দুইজনের মৃত্যু, তিনজন গুরুতর আহত এবং আরও বহু আহত ব্যক্তির খবর পেয়েছি। এই ভয়াবহ ঘটনার জন্য উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া কঠিন।”

এই বিভাগের আরও খবর