আন্তর্জাতিক

দিল্লিতে ১১ দিনে চারবার বাড়ল জ্বালানির দাম

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Monday, May 25, 2026 8

অনলাইন ডেস্ক : সোমবার (২৫ মে) পেট্রোলের দাম লিটারপ্রতি ২ রুপি ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ রুপি ৭১ পয়সা বাড়ানো হয়। নতুন দামে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০২ রুপি ১২ পয়সায় এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫ রুপি ২০ পয়সা।

নতুন এই মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। আগের জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে দুধ ও পাউরুটির মতো পণ্যের দাম এরই মধ্যেই বেড়েছে।
অবাক করার বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসার দিনেই ভারতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

 

এর আগে গত শনিবার (২৩ মে) পেট্রোলের দাম ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বাড়ানো হয়েছিল।

একই দিনে দিল্লিতে সিএনজির দামও কেজিপ্রতি ১ রুপি বাড়িয়ে ৮১ রুপি ৯ পয়সা করা হয়।

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়।

 

গত কয়েক সপ্তাহ ধরে ভারতের তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো উচ্চমূল্যে অপরিশোধিত তেল কিনলেও পুরোনো দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করে আসছিল। তবে যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পর এই ক্ষতি বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের তিন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি— ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড — প্রতিদিন সম্মিলিতভাবে এক হাজার কোটি রুপির বেশি ক্ষতির মুখে পড়ছিল। ফলে সরকারকে শেষ পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়।

 

জ্বালানি খাত বিশ্লেষক ও গ্রান্ট থর্নটন ভারত– এর অয়েল অ্যান্ড গ্যাস বিভাগের পার্টনার সৌরভ মিত্র বলেন, সাম্প্রতিক ধারাবাহিক মূল্যবৃদ্ধি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে কিছুটা স্বস্তি দেবে, তবে পুরোপুরি নয়।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল হলেও হরমুজ প্রণালিকে ঘিরে ঝুঁকি পুরোপুরি কাটতে সময় লাগবে। ফলে অপরিশোধিত তেলের দাম সম্ভবত ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে থাকবে। এর সঙ্গে রুপির দুর্বল অবস্থানও কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।

 

উল্লেখ্য, ভারতে ২০২২ সালের এপ্রিল থেকে জ্বালানির দাম স্থিতিশীল ছিল। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে লিটারপ্রতি ২ রুপি দাম কমানো হয়েছিল। ফলে প্রায় চার বছর পর বড় ধরনের এই মূল্যবৃদ্ধি দেখা গেল।

 

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর