প্রবাস

দুবাইয়ে ২১ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে ফিরছেন লোকমান

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, May 7, 2026 12

অনলাইন ডেস্ক : স্বপ্ন নিয়ে দেশে গিয়েছিলেন, আবার ফিরেছিলেন কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে শেষ হলো ২১ বছরের প্রবাস জীবন। চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী লোকমান হোসেন (৪৪) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

জীবিকার তাগিদে ২০০৫ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন লোকমান হোসেন। দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবনে তিনি শুধু প্রবাসীই ছিলেন না, একইসঙ্গে দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে কমিউনিটিতেও পরিচিত মুখ ছিলেন। তিন মাস আগে নির্বাচনী প্রচারণার আশা নিয়ে দেশে গিয়েছিলেন লোকমান। পরে জন্মভূমির মায়া কাটিয়ে গত ৯ এপ্রিল আবারও কর্মস্থল দুবাইয়ে ফিরে যান।

 

দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক জানান, দেশ থেকে ফেরার মাত্র দুই দিন পর গত ১১ এপ্রিল দুবাইয়ের রিগ্গা রোড এলাকায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লোকমান হোসেন। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে টানা আট দিন চিকিৎসার পর গত ১৯ এপ্রিল মারা যান তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি এক প্রবাসীর তত্ত্বাবধানে ছিলেন। তবে শুরুতে তার অসুস্থতা ও মৃত্যুর খবর পরিচিতজনদের অনেকেই জানতেন না। পরে ৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমে আসে। এরপর স্বজন ও বন্ধুরা হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

 

লোকমান হোসেন ফটিকছড়ি থানার মরহুম নুরুল ইসলাম ও মরহুমা জাহানারা বেগমের দ্বিতীয় ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, বন্ধু ও প্রবাসী কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবনের সমাপ্তি হলো এক করুণ বিদায়ের মধ্য দিয়ে।